
শেরপুরে জাতীয়তাবাদী যুবদলের ৫ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে শহরে এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারও সমর্থক অংশ নেন।
পরে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের নবগঠিত আংশিক কমিটির সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মিল্টন এবং সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন শেরপুর জেলা যুবদলকে একটি ‘মডেল যুবদল’ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি যেকোনো ধরণের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সংগঠনকে সুসংগঠিত রাখার অঙ্গীকার প্রকাশ করেন।
Leave a Reply