
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (ডিকেএসপি) এর আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এ সময় আরও উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, আওলাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউপি সদস্য আমজাদ হোসেন, ধরঞ্জী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবু সালেহ মোহাম্মদ মুসা (মুন্না) ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের কাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী ম্যাচে ২ নং ওয়ার্ড ১-০ গোলে ৭ নং ওয়ার্ড ফুটবল একাদশ কে পরাজিত করে। টুর্নামেন্টকে ঘিরে এলাকার তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
Leave a Reply