
পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাগজানা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, বাগজানা ইউনিয়ন যুবদল নেতা মোঃ ইয়ার মামুন, যুবদল নেতা মোহাম্মদ হযরত আলী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জার্সি ও ফুটবল হাতে পেয়ে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ প্রকার করে।
এসময় চেয়ারম্যান নাজমুল হক বলেন, “আমাদের সন্তানরা যেন পড়ালেখার অবসর সময়ে মোবাইল আর মাদকের পিছনে না ছুটে, বিকেলে মাঠে গিয়ে খেলাধুলা করে শরীর ও মন সুস্থ রাখে, সেই জন্যই আমার নিজস্ব অর্থায়নে ফুটবল ও জার্সি দিলাম।”
তিনি আরও বলেন, “এই ধরনের কার্যক্রম শুধু এই বিদ্যালয়েই নয়, ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পাড়ায় পাড়ায় করা হবে। যাতে আমাদের যুবক ছেলে-মেয়েরা খেলাধুলার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে পারে।” বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ চেয়ারম্যানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
Leave a Reply