
শেরপুরের নকলায় সার ডিলারদের গোডাউন ও সার বিক্রয় কার্যক্রম মনিটরিং করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
নকলা উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্যবেক্ষণ শেষে তিনি উপজেলার বিভিন্ন সার ডিলারের গোডাউন ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন।
মনিটরিংকালে সরকারি নির্দেশনা অনুযায়ী সার সংরক্ষণ এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রয়ের বিষয়ে ডিলারদের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সার সরবরাহ ও বিক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
এ সময় নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের এ মনিটরিংয়ের ফলে নকলা উপজেলায় সার বিতরণ ও বিক্রয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিতকরণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply