1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

এবার শিক্ষার্থীদের সরকারি ডিম-রুটি পাওয়া গেলো প্রধান শিক্ষিকার ব্যাগে!

ডিবি নিউজ ডেস্কঃ-
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে সরকারের দেয়া খাবার পাওয়ার কথা ছিল শিশুদের; কিন্তু সেই খাবার মিলল খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ব্যাগে। শিক্ষার্থীদের সরকারি ডিম ও রুটি সাথে নিয়ে বাড়ি ফেরার পথে স্থানীয়দের রোষানলে পড়েছেন ওই শিক্ষিকা।

আর এই ঘটনাটি ঘটে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের ১০নং রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় ছুটির পর অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টি বাড়ি ফেরার পথে স্থানীয়রা তাকে আটকে তার ব্যাগ থেকে ২ ডজন ডিম ও ২২টি রুটি উদ্ধার করেন।

শুক্রবার (২৬ জুন) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। এ নিয়ে পুরো এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীদের জন্য বরাদ্দ খাবার নিয়মিত আত্মসাতের অভিযোগ ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, স্কুল ছুটি শেষে প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা তার কাছে থাকা ব্যাগটি দেখতে চান। প্রথমে তিনি ব্যাগ দেখাতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে উপস্থিত স্থানীয়দের চাপে একপর্যায়ে তিনি ব্যাগটি খুলতে বাধ্য হন। এ সময় ব্যাগের ভেতর থেকে সরকারি বরাদ্দের এসব ডিম ও রুটি বেরিয়ে আসে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তার মিষ্টির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগটির কথা আমি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost