
নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে শোকজ করা হয়। নোটিশে তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে তাঁদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোকজের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত জবাব দেব।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। সোমবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেনের নেতৃত্বে নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ করেন ওই শিক্ষক। তাঁদের সঙ্গে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী ছিলেন বলেও দাবি তাঁর। এ ঘটনায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষক নিবেদিতা দেব বলেন, বিএনপির নেতাকর্মীরা বিদ্যালয়ের বাইরে অন্য একটি স্থানে বৈঠক করে তাঁকে সেখানে যেতে বলেন। বৈঠকের বিষয় না জানায় তিনি তাঁদের বিদ্যালয়ের অফিসে এসে কথা বলতে অনুরোধ করেন। এরপর তাঁরা বিদ্যালয়ে এসে তাঁর ওপর হামলা চালান। নিবেদিতা দেবের অভিযোগ, আনোয়ার হোসেন তাঁর পেটে লাথি মারেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন তাঁকে মারধর করেন। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা—এ কথা জানানোর পরও তাঁরা হামলা বন্ধ করেননি। উল্টো তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে পুড়িয়ে মারার পাশাপাশি বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষককে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তাঁরা দেখতে পান, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। এ বিষয়ে শুধু তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁকে মারধর করা হয়নি।
Leave a Reply