
লিওনেল মেসির জনপ্রিয়তা বয়সের সীমা ছাড়িয়ে গেছে—শিশু থেকে শুরু করে শতবর্ষী প্রবীণ পর্যন্ত তার ভক্তদের তালিকা বিস্তৃত। তারই এক অনন্য উদাহরণ হিসেবে আলোচনায় এসেছেন ১০০ বছর বয়সী পউলিনে কানা, যিনি অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন ডালাস স্টেডিয়ামে।
গ্যালারিতে তাকে দেখা যায় আর্জেন্টিনার জার্সি পরে, সাদা চুলে এবং হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে—যেখানে লেখা ছিল ‘১০০ বছর বয়সী মেসি ভক্ত’। এই দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তিনি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।
পউলিনে কানা শুধু মেসির ভক্ত হিসেবেই নন, অনলাইনে তিনি ‘গ্যাংস্টার গ্র্যানি’ নামেও পরিচিত। নাতি রস স্মিথের সঙ্গে তৈরি করা মজার ভিডিওর মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তার নামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে। টিকটকে তার অনুসারীর সংখ্যা প্রায় আড়াই কোটি ছাড়িয়েছে, পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও তিনি সমান জনপ্রিয়।
মেসির প্রতি তার ভালোবাসা নতুন নয়। এর আগেও ইন্টার মায়ামির একটি ম্যাচে তাকে দেখা গিয়েছিল, যেখানে তিনি একটি পোস্টার হাতে উপস্থিত হয়ে মজার ছলে লিখেছিলেন—‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’
এদিকে, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে গ্যালারিতে আরও এক হৃদয়ছোঁয়া দৃশ্য ধরা পড়ে, যেখানে আর্জেন্টিনার জার্সি পরা এক শিশুকে উঁচু করে ধরে রাখা হয়। সেই ছবিটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।
মাঠে নিজের রেকর্ডগড়া পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। শুরুতে পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে দলকে জয়ের পথে এগিয়ে নেন তিনি। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮, যা তাকে এককভাবে সর্বোচ্চ গোলদাতার আসনে বসায় এবং জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যায়।
মেসির রেকর্ডময় সেই রাতে যেমন মাঠে ছিল তার দাপট, তেমনি গ্যালারিতেও আলোচনার কেন্দ্র হয়ে ওঠেন তার শতবর্ষী ভক্ত পউলিনে কানা এবং আর্জেন্টিনার জার্সি পরা সেই শিশু দর্শক।
Leave a Reply