
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দের বিপরীতে কমিশন গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কারণে বাবুল চন্দ্র রায়কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিপূর্বক সংযুক্ত করা হলো এবং আগামী ২৪ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তাকে স্বয়ংক্রিয়ভাবে কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।
এর আগে তার বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের বরাদ্দ থেকে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ হিসাব করে কমিশনের পরিমাণ নির্ধারণ করতে দেখা যায় বলে দাবি করা হয়। ভিডিওতে প্রকল্প সভাপতিদের সঙ্গে অর্থ লেনদেন ও হিসাব-নিকাশের দৃশ্যও রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হচ্ছে এবং প্রতিবেদন দ্রুতই জমা দেওয়ার কথা রয়েছে।
তবে বদলির আদেশে অভিযোগের বিষয়ে সরাসরি কোনো উল্লেখ নেই। এ কারণে স্থানীয়দের একাংশ পুরো ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা জানান, পৃথক দুটি তদন্ত কমিটি কাজ করছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
অন্যদিকে অভিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Leave a Reply