
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে শেরপুরে সামাজিক সংগঠন “সেবার আলো সংগঠন”-এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুক্রবার জেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় কুসুমহাটি দড়িপাড়া নূর হোসাইন আশরাফুল উলুম কওমি মাদরাসার নূরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে বিকাল ৩টায় ঝিনাইগাতী উপজেলার বগাডুবি ব্রিজ সংলগ্ন সড়কের পাশে ফলজ, ফুলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা স্থানীয় জনগণকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় সেবার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদ আল হাসান ও বিউটি, অর্থ বিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন, সিনিয়র সহ-সভাপতি মুরসালিনা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল হাসান, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হিমেল সরকার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিজয়, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-প্রচার বিষয়ক সম্পাদক মৌসুমি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিফাত এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবার আলো সংগঠনের এ উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা।
Leave a Reply