
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র উদ্ধার এবং তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এ সময় অন্তত ১৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গুলিবিদ্ধদের মধ্যে মহিউদ্দিন ও রনি নামে দুই স্বেচ্ছাসেবক দল নেতার নাম জানা গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা শেষে সহযোগীদের নিয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়ভাবে জানা গেছে, ঝিলংজা এলাকার আওয়ামী লীগ নেতা কুদরত উল্লাহ ও বিএনপি নেতা লিয়াকত শিকদারের অনুসারীদের মধ্যে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এটি রাজনৈতিক বিরোধের ফল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
Leave a Reply