
স্ত্রী ও নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ ও অসহায় হয়ে পড়েছেন মো. জনি আলী (৩২) নামের এক হাজতি। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন।
জনির পারিবারিক সূত্রে জানা গেছে, মো. জনি আলীর স্ত্রী শারমিন বৃহস্পতিবার (১৮ জুন) সন্তান প্রসব করেন। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই নবজাতক শিশুটি মারা যায়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শারমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন শুক্রবার (১৯ জুন) তারও মৃত্যু হয়।
এমন ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি মানবিক বিবেচনায় গ্রহণ করা হয়। সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিয়ে কারা মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা করেন। পরবর্তীতে কারা মহাপরিদর্শকের নির্দেশনায় জনি আলীকে তার মৃত স্ত্রীকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়।
এমন মানবিক উদ্যোগ বাস্তবায়নে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার, ডেপুটি জেলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
এ বিষয়ে জনি আলী বলেন, ‘আমি আমার মৃত স্ত্রী ও সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমার দুটি ছেলে রয়েছে, তাদের ছাড়া আমার আর কেউ নেই।’
কারা সূত্র জানায়, জনির পারিবারিক এ শোকাবহ পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষও গভীর সমবেদনা প্রকাশ করেছে।
Leave a Reply