1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

৮ বিমানবন্দর ও ৬ রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু

জুবায়ের খন্দকার, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়েছে। এর মধ্যদিয়ে দেশের ৮টি বিমানবন্দর ছাড়াও ৬টি রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু হলো। এর ফলে একসঙ্গে প্রায় ৩৭ হাজার যাত্রী বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাবেন।

রবিবার (১৭ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবার উদ্বোধন করা হয়। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনি ইশতেহারে ঘোষিত ‘সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট’ প্রতিশ্রুতির আলোকে বিমানবন্দরের সাধারণ যাত্রীদের জন্য উন্নতমানের ডিজিটাল সেবা প্রদান করছে। আশা করছি, আমরা থার্ড টার্মিনালও দ্রুত উদ্বোধন করতে সক্ষম হবো এবং সেটিও হবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী যে আধুনিক, দ্রুত ও নির্ভরযোগ্য ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আমরা দেশের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় উন্নতমানের ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি। প্রধানমন্ত্রী আমাদের যে উন্নয়ন পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন, আমরা তার আলোকেই ধারাবাহিকভাবে একের পর এক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে আপনারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের অগ্রগতি সম্পর্কে অবগত হয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। এই অর্জন কেবল একটি প্রকল্প নয়, এটি জনগণের সেবায় আমাদের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন।

অন্যদের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী দ্রুত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে আমরা বিমানবন্দর, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় উন্নত ইন্টারনেট সেবা চালু করেছি। প্রবাসী ও দেশের যাত্রীদের সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। গত আড়াই মাসে যেসব উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে এবং ভবিষ্যতেও আরও সেবা সম্প্রসারণ করা হবে।

এছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দর এবং ছয়টি রেলস্টেশনে এই সেবা একযোগে চালু করা হয়েছে। এয়ারপোর্টের পার্কিং এলাকা থেকে শুরু করে বোর্ডিং ব্রিজ পর্যন্ত প্রায় ২৫০টি অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত কয়েক দিনে শুধু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই ২০ হাজারেরও বেশি যাত্রী এই সেবা ব্যবহার করেছেন এবং প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে। বর্তমানে একসঙ্গে প্রায় ১ হাজার ৮০০ ব্যবহারকারী সংযুক্ত রয়েছেন।

এদিন ফ্রি ওয়াইফাই সেবা কার্যক্রমের উদ্বোধনের পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ছাড়াও অন্যরা সরেজমিনে বিমানবন্দরে ওয়াইফাই সেবা ঠিকমতো কাজ করছে কিনা, তা পরিদর্শন করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিটি অ্যাক্সেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। সে অনুযায়ী ২৫০টি এপি (AP) ব্যবহার করে একই সময়ে প্রায় ৩৭ হাজার ৫০০ জন ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ গ্রহণ করতে পারবেন। সম্পূর্ণ সিস্টেমটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস (Gbps) ব্যান্ডউইথ ক্ষমতা নিয়ে পরিচালিত হচ্ছে, যা পুরো কভারেজ এলাকাজুড়ে দ্রুতগতির ও স্থিতিশীল ইন্টারনেট সেবা নিশ্চিত করে।

গত ২৬ এপ্রিল থেকে পরীক্ষামূলক কার্যক্রমটি শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার জন যাত্রী এই সেবা ব্যবহার করেছেন এবং এই সময়ে মোট প্রায় ২ দশমিক ৩ টেরাবাইট (TB) ডেটা ব্যবহৃত হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াতকারী দেশি-বিদেশি যাত্রীদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ ও ইন্টারনেট সংযোগের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে তথ্যপ্রাপ্তি, যোগাযোগ এবং অনলাইন কার্যক্রম আরও সহজ ও দ্রুততর হয়েছে।

প্রসঙ্গতঃ ইতোমধ্যে দেশের ৭টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও ৬টি রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর ও যশোর বিমানবন্দর। পাশাপাশি কমলাপুর রেলওয়ে স্টেশন, কক্সবাজার রেলওয়ে স্টেশন, রাজশাহী রেল স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এবং ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে যাত্রীরা এখন বিনামূল্যে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost