
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে আটক হয়েছেন অর্ণব দাস (৩৭) নামে এক যুবক। পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠন যুবলীগের কর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিতে এসেছিলেন। তবে, আটক অর্ণব দাস বলছেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তিনি রাজধানীতে একটি স্কুলের শিক্ষক।
শনিবার (১৫ আগস্ট) সকালে ৩২ নম্বর এলাকায় অবস্থানকালে অর্ণবকে আটক করা হয়। পরে তাকে পুলিশের গাড়িতে করে ধানমন্ডি থানায় নেওয়া হয়।
আটকক্ত ব্যক্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের হিরানগরের দেলদুয়ারে। সেখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ণব ঢাকার ধানমন্ডিতে আলিফ গার্লস স্কুল নামে একটি বিদ্যালয়ের শিক্ষক।
ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ‘যাকে আটক করা হয়েছে তারা নাম অর্ণব দাস। তিনি যুবলীগের সক্রিয় সদস্য। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল। তিনি ৩২ নম্বরে ফুল দিতে এসেছিলেন।’
ওসি জানান, বর্তমানে তিনি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলেও জানান।
এদিকে আটক করে নিয়ে যাওয়ার সময় অর্ণব গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার একজন অন্যতম মুখ্য সংগঠক। এ কারণে আমি একজন সাধারণ মানুষ হিসেবে এখানে এসেছি।
তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না বলেও জানান।
Leave a Reply