
সরকারের সমালোচনা করায় কোনো বাধা নেই বলে স্পষ্ট জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারের সমালোচনা করার পূর্ণ অধিকার সবার রয়েছে। এমনকি সরকারের বিরুদ্ধে কোনো ন্যারেটিভ (আখ্যান) তৈরি করা হলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না, কারণ সমালোচনা নাগরিকের বাক্স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতারই অংশ।
গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তারের প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তবে বাক্স্বাধীনতার সুযোগে দেশবিরোধী কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রবিরোধী কিংবা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী যে কোনো কর্মকাণ্ড প্রচলিত আইনি প্রক্রিয়ায় শক্ত হাতে মোকাবিলা করা হবে।’
সাইবার সুরক্ষা আইন সংশোধন প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী জানান, আইনটি যেন আরও জনবান্ধব ও কার্যকর হয়, সে লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের সাধারণ জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটি আধুনিকায়ন করা হবে। আইন প্রণয়নের চূড়ান্ত ধাপের আগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে আলোচনা ও ব্যাপক জনপরামর্শ গ্রহণ করা হবে, যাতে পরে কেউ এর অপব্যবহার করতে না পারে। সাইবার মাধ্যমে নারী ও শিশুরা কীভাবে প্রতিনিয়ত বুলিং ও মানহানির শিকার হচ্ছেন, তা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘সামাজিক মাধ্যমে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। প্রস্তাবিত সংশোধিত আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।’
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
Leave a Reply