1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায়

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

একটি পরিবার, চারজন সদস্য। পরিবারের প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধিতার শিকার। এর মধ্যে যিনি সামান্য কাজ করে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, সেই ৮৫ বছরের মারফত আলীও এখন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিছানায় পড়ে আছেন। চিকিৎসার অভাবে দিন কাটছে চরম যন্ত্রণা আর অনিশ্চয়তায়। দুই বেলা খাবার জোগাড় করাই এখন পরিবারটির কাছে এক কঠিন যুদ্ধ। নেত্রকোনার আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের বাসিন্দা মারফত আলী। তার স্ত্রী জবেদার বয়স ৭০ বছর। তাদের দুই মেয়ে নাজমা আক্তার (২৫) ও শারমিন আক্তার (২০)। দুর্ভাগ্যজনকভাবে পরিবারের চার সদস্যই প্রতিবন্ধী। নিজেদের কোনো বসতভিটাও নেই। অন্যের ঘরে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। একসময় মারফত আলী শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও মানুষের বাড়িতে টুকটাক কাজ করতেন। দিনে ২০০ থেকে ২৫০ টাকা যা আয় হতো, তা দিয়েই কোনোমতে চলত সংসার; কিন্তু কিছুদিন আগে পড়ে গিয়ে তার কোমরের হাড় মারাত্মকভাবে ভেঙে যায়। এরপর থেকে তিনি শয্যাশায়ী। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছেন না।

স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মারফত আলীর চিকিৎসার জন্য আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা প্রয়োজন; কিন্তু যে পরিবারে দুমুঠো খাবার জোগাড় করাই কঠিন, সেখানে এত টাকা সংগ্রহ করা একেবারেই অসম্ভব। ফলে যন্ত্রণায় কাতরালেও চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না তিনি। এখন পরিবারের উপার্জনের কেউ নেই। অন্যের সহায়তায় কখনো খাবার জুটছে, আবার কখনো অনাহারেই কাটছে দিন। মানুষের সাহায্য ছাড়া এই পরিবারটির বেঁচে থাকার যেন আর কোনো অবলম্বন নেই; কিন্তু মানুষের সহায়তাও তো সব সময় পাওয়া যায় না।একদিকে চারজনের প্রতিবন্ধিতা, অন্যদিকে মাথা গোঁজার নিজস্ব ঠাঁই নেই। তার ওপর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতা—সব মিলিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে পরিবারটির।

মনসুরপুর গ্রামের বাসিন্দা পলাশ তালুকদারের বাড়িতে আশ্রয়ে থাকেন মারফত আলী। পলাশ তালুকদার বলেন, মারফত আলীর স্ত্রী জবেদা খাতুন আমার ফুফু হন। প্রায় ১৬ বছর ধরে তারা আমাদের বাড়িতেই থাকেন। তাদের দুই মেয়েও শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। মারফত আলী বৃদ্ধ হয়ে গেছেন। তারপরও তিনি কাজকর্ম করে যা পেতেন তাই দিয়ে সংসার চালাতেন; কিন্তু কয়েক মাস আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তিনিও শয্যাশায়ী। এখন তারা খেয়ে না খেয়ে থাকেন। চিকিৎসাও করাতে পারছেন না। একই এলাকার নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী হাফছা আক্তার বলেন, ‘তিনি পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার পর আমরা একটা হুইলচেয়ারের ব্যবস্থা করে দিয়েছিলাম; কিন্তু পরিবারের চারজনই প্রতিবন্ধী। সবাই অচল, এমন অবস্থায় বৃদ্ধ মারফত আলীর চিকিৎসা এবং পরিবারের খাবার কিছুই হচ্ছে না। পরিবারটি খুব অসহায়। এই পরিবারটি এখনো সরকারি-বেসরকারি কোনো সহযোগিতা পায়নি। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পরিবারটি রক্ষা পেত। মারফত আলীর পরিবারের এখন সবচেয়ে বড় প্রয়োজন জরুরি চিকিৎসা ও নিয়মিত খাবারের নিশ্চয়তা। সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি সংস্থা এবং মানবিক সংগঠনগুলোর কাছে পরিবারটির পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। মানুষের একটু সহানুভূতি, সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা কিংবা চিকিৎসার দায়িত্ব নেওয়াই পারে চারটি অসহায় জীবনে নতুন করে বেঁচে থাকার আশা জাগাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে পড়েছে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ। বর্ষা মৌসুম জুড়েই নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে চলছে অবাধে শামুক শিকার। জীবিকার তাগিদে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ রাত জেগে আধুনিক যন্ত্রপাতি ও জাল ব্যবহার করে হাওরের তলদেশ থেকে বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করছেন। সূর্য ওঠার আগেই সেই শামুক হাওরের কূলে এনে স্তূপ করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে বস্তাবন্দি করে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন হাঁসের খামারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় শামুক কুড়ানো এখন ওই অঞ্চলের অনেক মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। খামারিরা দানাদার খাবারের খরচ কমাতে তুলনামূলক কম দামে প্রাকৃতিক পুষ্টি উপাদান হিসেবে হাঁসকে শামুক খাওয়াচ্ছেন। ফলে দিন দিন হাওরের বাজারে এর চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিন ভোরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের অস্থায়ী বাজারে বসে শামুকের জমজমাট বিকিকিনি। পাইকাররা এখান থেকে পাইকারি দরে শামুক কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের হাঁসের খামারে। তবে বাণিজ্যিকভাবে এভাবে প্রতিনিয়ত হাজার হাজার মণ শামুক তুলে নেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ রক্ষায় নিয়োজিত কর্মীরা। তাদের মতে, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শামুক নিধন চলতে থাকলে হাওরের স্বাভাবিক জীববৈচিত্র্য চরম বিপর্যয়ের মুখে পড়বে। শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির নেত্রকোণা জেলা সভাপতি নাজমুল কবির সরকার এ বিষয়ে জানান, শামুক হাওরের প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। এভাবে প্রতিনিয়ত আহরণ অব্যাহত থাকলে খুব দ্রুতই এই এলাকা থেকে শামুক বিলুপ্ত হয়ে যাবে, যা পুরো হাওর অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। এ বিষয়ে পরিবেশ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, শামুক কেবল হাঁসের খাদ্য নয়, এটি জলাভূমির পুরো খাদ্যশৃঙ্খলের (Food Chain) অন্যতম মূল ভিত্তি। দেশীয় নানা প্রজাতির মাছ, পানকৌড়ি, বকসহ বিভিন্ন জলচর পাখির অন্যতম প্রধান খাবার এই শামুক। তাছাড়া পানির গুণগত মান ভালো রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনিয়ন্ত্রিতভাবে শামুক ধ্বংস করা হলে জলাশয়ের অন্যান্য প্রাণিকুলও খাদ্যসংকটে পড়বে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন বলেন, জলজ প্রতিবেশের যেকোনো একটি নির্দিষ্ট উপাদান অতিরিক্ত পরিমাণে আহরণ করা হলে তা পুরো পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিঙ্গাপোতা হাওরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুতই একটি টিম সরেজমিনে পরিদর্শনে যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, জলবায়ু ও পরিবেশের ক্ষতি না করে কীভাবে বিকল্প আয়ের পথ তৈরি করা যায়, সেদিকে নজর দেওয়া জরুরি। সাধারণ মানুষের জীবিকার তাগিদকে গুরুত্ব দিয়ে অবিলম্বে হাওরে শামুক আহরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারের কঠোর নজরদারি কার্যকর করার জোর দাবি তুলেছেন তারা। ৩১/১০/২০২৬ ইং
All rights reserved © 2019
Design By Raytahost