
“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দিনব্যাপী সমবায় পণ্য মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্থানীয় উৎপাদন বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপনসহ জেলা সমবায় বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply