
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে মরহুম ফুয়াদ চৌধুরী বাবু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নালিতাবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জমজমাট উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় দুই দলের খেলোয়াড়রা একাধিক আক্রমণ চালালেও কেউ গোলের দেখা না পেলে টাইব্রেকারে ২ং নকলা রনি ফুটবল একাডেমিকে পরাজিত করে জয় নিশ্চিত করে নকলা একাদশ।
মরিচপুরান ও উরফা ইউনিয়নের স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিক তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন নারী রেফারি ভাবনা। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বেনীরগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা মাস্টার ও মরিচপুরান ইউনিয়নের রাকিব।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কালিমুল্লাহ টুকন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বাচ্চু, নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ও উরফা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রুহুল আমিন, চেয়ারম্যান প্রার্থী মানিক তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি মরিচপুরান ও উরফা ইউনিয়নের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
Leave a Reply