
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার পূর্বঘোষিত দুটি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। এর পরিবর্তে বুধবার বিকেল ৩টায় হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলের পূর্বনির্ধারিত কর্মসূচিতে পরিবর্তন এনে হামলার প্রতিবাদে হবিগঞ্জেই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা অংশ নেবেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখার ঘোষণা দেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। দলটির দাবি, ছাত্রদল ও যুবদলের কিছু নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে এ হামলা চালায়। এতে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদেই নতুন এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
Leave a Reply