1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় প্রেমের করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চ, সমাধিতে লেখা প্রেমের গল্প

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জে প্রেমের এক করুণ স্মৃতি বয়ে বেড়াচ্ছে উপজেলার কুলপতাক গ্রামের একটি ব্যাপ্টিস্ট চার্চ। চার্চের আঙিনায় পাশাপাশি শুয়ে আছেন অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা। তাঁদের প্রেমের পরিণতি বিয়েতে রূপ দেওয়ার কথা ছিল। সে জন্য ১৯৪৪ সালে তাঁরা এসেছিলেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের একটি চার্চে, যে চার্চটি ১৯৩৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন অস্ট্রেলীয় ধর্মযাজক আইসন। কিন্তু বিয়ের গন্তব্যে পৌঁছানোর আগেই হাওরের পানিতে থেমে যায় তাঁদের জীবনযাত্রা। নৌকাডুবিতে প্রাণ হারান মূর, এডনা ও এডনার ভাই অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তা রোন্যাল্ড চেস্টারটন পটার। ঘটনাটি ১৯৪৪ সালের ২৯ জুলাইয়ের। প্রায় ৮২ বছর পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে বদলেছে হাওরের জনপদ, বদলেছে মানুষের জীবনযাত্রা। কিন্তু মোহনগঞ্জের কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় থাকা দুটি সমাধি আজও বহন করছে ভালোবাসা, বন্ধুত্ব ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক করুণ ইতিহাস। মোহনগঞ্জের আদর্শনগর এলাকার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাশের গ্রামীণ সড়ক ধরে প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে কুলপতাক গ্রামে পৌঁছাতে হয়। গ্রামের সামনে বিস্তীর্ণ ধানখেত। কুলপতাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে বসবাস করেন খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা। তাঁদেরই প্রতিষ্ঠিত কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের আঙিনায় রয়েছে ওই তিন বিদেশির সমাধি।

সরেজমিনে গিয়ে চার্চের পুরোহিত, সংরক্ষিত কিছু কাগজ ও স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ার নাগরিক সিরিল জেমস মূর ও এডনা ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা ধর্মীয় রীতিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এ জন্য বেছে নেন নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের ব্যাপ্টিস্ট চার্চ। তাঁদের সঙ্গে ছিলেন এডনার ভাই পটার। তিনি অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর হয়ে এ অঞ্চলে দায়িত্ব পালন করছিলেন। ১৯৪৪ সালের ২৮ জুলাই তাঁরা ময়মনসিংহ থেকে গোবিন্দশ্রীর উদ্দেশে রওনা হন। প্রথমে ট্রেনে মোহনগঞ্জে আসেন। এরপর নৌকায় শুরু হয় হাওর পাড়ি দেওয়ার যাত্রা। শাপমারা খাল দিয়ে ডিঙাপোতা হাওর পেরিয়ে আদর্শনগর বাজারের খাল হয়ে ধলাই নদীতে ওঠেন তাঁরা। এরপর বাওয়াইচের হাওর পেরিয়ে গোবিন্দশ্রীর কাছাকাছি পৌঁছানোর সময় বৈরী আবহাওয়ার মুখে পড়ে নৌকাটি। প্রচণ্ড ঝড়ে নৌকাটি ডুবে যায়। পানিতে তলিয়ে যান মূর, এডনা ও পটার। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, তাঁরা সাঁতার জানতেন না। খবর পেয়ে গোবিন্দশ্রী গ্রামের লোকজন নৌকা নিয়ে উদ্ধার করতে ছুটে যান। কিন্তু শেষ পর্যন্ত তিনজনকেই বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করে গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের পাশে সমাহিত করা হয়।

সরেজমিনে গিয়ে আরও জানা যায়, দীর্ঘদিন গোবিন্দশ্রীতে সমাহিত ছিলেন অস্ট্রেলিয়ার তিন নাগরিক। গোবিন্দশ্রী ব্যাপ্টিস্ট চার্চের সদস্যরা প্রায় চার কিলোমিটার দূরে মোহনগঞ্জের কুলপতাক গ্রামে চলে যান। সেখানে নতুন করে চার্চ প্রতিষ্ঠা করা হয়। পরে ১৯৫৮ সালে তিনজনের সমাধি স্থানান্তর করে কুলপতাক চার্চের আঙিনায় নিয়ে আসা হয়। এ তথ্য জানালেন কুলপতাক ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক যিহিস্কেল দাস। চার্চের ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে চার্চের উত্তর পাশে পাশাপাশি রয়েছে অস্ট্রেলিয়ার তিন নাগরিকের সমাধি। একটি সমাধিতে সিরিল জেমস মূর ও এডনাকে একসঙ্গে সমাহিত করা হয়েছে। সমাধিফলকে লেখা আছে ‘প্রভু যীশু সেবক ও সেবিকা’, সিরিল জেমস মূর জন্ম ২৪ মার্চ ১৯১৩, তাঁর পত্নী এডনা জন্ম ১৪ এপ্রিল ১৯১৪। তাঁদের পাশেই আলাদা সমাধিতে রয়েছেন রোন্যাল্ড চেস্টারটন পটার। সেখানে তাঁর জন্ম লেখা আছে ১৪ এপ্রিল ১৯১৪। তিনজনের মৃত্যুর তারিখ লেখা আছে ২৯ জুলাই ১৯৪৪। চার্চের পুরোহিত বিধুভূষণ মজুমদারের ভাষ্যমতে, সমাধিফলকে এডনাকে মূরের পত্নী বলা হলেও মূলত তাঁরা প্রেমিক-প্রেমিকা ছিলেন। তাঁরা এ অঞ্চলে যিশুর বাণী প্রচার করতে এসেছিলেন। পাশাপাশি স্থানীয় খ্রিষ্টধর্মে দীক্ষিত মানুষদের চার্চে বিয়ের নিয়মকানুন দেখানোরও পরিকল্পনা ছিল। আর এডনা ও পটারের জন্মতারিখ এক হওয়ায় তাঁরা ধারণা করছেন তাঁরা যমজ ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে পড়েছে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ। বর্ষা মৌসুম জুড়েই নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে চলছে অবাধে শামুক শিকার। জীবিকার তাগিদে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ রাত জেগে আধুনিক যন্ত্রপাতি ও জাল ব্যবহার করে হাওরের তলদেশ থেকে বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করছেন। সূর্য ওঠার আগেই সেই শামুক হাওরের কূলে এনে স্তূপ করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে বস্তাবন্দি করে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন হাঁসের খামারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় শামুক কুড়ানো এখন ওই অঞ্চলের অনেক মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। খামারিরা দানাদার খাবারের খরচ কমাতে তুলনামূলক কম দামে প্রাকৃতিক পুষ্টি উপাদান হিসেবে হাঁসকে শামুক খাওয়াচ্ছেন। ফলে দিন দিন হাওরের বাজারে এর চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিন ভোরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের অস্থায়ী বাজারে বসে শামুকের জমজমাট বিকিকিনি। পাইকাররা এখান থেকে পাইকারি দরে শামুক কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের হাঁসের খামারে। তবে বাণিজ্যিকভাবে এভাবে প্রতিনিয়ত হাজার হাজার মণ শামুক তুলে নেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ রক্ষায় নিয়োজিত কর্মীরা। তাদের মতে, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শামুক নিধন চলতে থাকলে হাওরের স্বাভাবিক জীববৈচিত্র্য চরম বিপর্যয়ের মুখে পড়বে। শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির নেত্রকোণা জেলা সভাপতি নাজমুল কবির সরকার এ বিষয়ে জানান, শামুক হাওরের প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। এভাবে প্রতিনিয়ত আহরণ অব্যাহত থাকলে খুব দ্রুতই এই এলাকা থেকে শামুক বিলুপ্ত হয়ে যাবে, যা পুরো হাওর অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। এ বিষয়ে পরিবেশ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, শামুক কেবল হাঁসের খাদ্য নয়, এটি জলাভূমির পুরো খাদ্যশৃঙ্খলের (Food Chain) অন্যতম মূল ভিত্তি। দেশীয় নানা প্রজাতির মাছ, পানকৌড়ি, বকসহ বিভিন্ন জলচর পাখির অন্যতম প্রধান খাবার এই শামুক। তাছাড়া পানির গুণগত মান ভালো রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনিয়ন্ত্রিতভাবে শামুক ধ্বংস করা হলে জলাশয়ের অন্যান্য প্রাণিকুলও খাদ্যসংকটে পড়বে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন বলেন, জলজ প্রতিবেশের যেকোনো একটি নির্দিষ্ট উপাদান অতিরিক্ত পরিমাণে আহরণ করা হলে তা পুরো পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিঙ্গাপোতা হাওরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুতই একটি টিম সরেজমিনে পরিদর্শনে যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, জলবায়ু ও পরিবেশের ক্ষতি না করে কীভাবে বিকল্প আয়ের পথ তৈরি করা যায়, সেদিকে নজর দেওয়া জরুরি। সাধারণ মানুষের জীবিকার তাগিদকে গুরুত্ব দিয়ে অবিলম্বে হাওরে শামুক আহরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারের কঠোর নজরদারি কার্যকর করার জোর দাবি তুলেছেন তারা। ৩১/১০/২০২৬ ইং
All rights reserved © 2019
Design By Raytahost