
ময়মনসিংহের ফুলপুরে বর্ণাঢ্য আয়োজনে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ময়মনসিংহের উত্তর জেলা যুবদলের উদ্যোগে দিউ মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ময়মনসিংহ উত্তর জেলার ও উপজেলা যুবদলের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন ও এ.কে.এম আরিফুল হক এর নেতৃত্বে র্যালিটিতে নেতাকর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে আনন্দ, মিছিল ও স্লোগানে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার গোলচত্বর গিয়ে শেষ হয়। এরপর যুদলের নেতা মোবারক শিকদার সঞ্চালনায় সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা ওয়াহেদুজ্জামান মিঠুন এবং এ.কে.এম আরিফুল হক যুবদলের ইতিহাস, সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরে বলেন, যুবদল রাজপথে জীবন বাজি রেখে দেশ ও দলের জন্য কাজ করে গেছে। দেশের উন্নয়নে বিএনপি সরকারের অবদানে যুবদলের ভূমিকা অত্যাধিক।
সংক্ষিপ্ত বক্তব্যে অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, দুর্দিনে রাজপথে থেকেছি আমরা, জুলাই আন্দোলন করেছি আমরা, আমরা জুলাই যুদ্ধা হতে চাই না। তাই সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যুবদল সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও দলের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ফুলপুর উপজেলা ও পৌর যুবদল সহ অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।
Leave a Reply