
টাঙ্গাইলের সখীপুরে ৩ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে সখীপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, আটকের আগে স্থানীয় লোকজন অভিযুক্ত হাসানকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে ভুক্তভোগী শিশু নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী হাসান শিশুটিকে কৌশলে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি শরীরে ব্যথা অনুভব করলে ঘটনাটি তার মাকে জানায়। ঘটনা শোনার পর শিশুর মা ও স্বজনেরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে শিশুর মা ও চাচিকে মারধরও করা হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত হাসানকে আটক দেখানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply