
ময়মনসিংহের ফুলপুর উপজেলার পৃথক দুটি নদী থেকে শুক্রবার (২৪ জুলাই) ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের রাংশা নদী থেকে শফিক মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উদ্ধার করা হয়। সে রহিমগঞ্জ ইউনিয়নের চক ঢাকিরকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। স্থানীয়রা জানান, শফিক মিয়া বাদাম বিক্রি করতে যাওয়ার পথে নদীর ধারে বসে ছিলেন। পরে তাকে নদীতে পড়ে থাকতে দেখা যায়।স্থানীয়দের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন ওসি।
অপর দিকে ৩৩ ঘন্টা ধরে কংস নদে নিখোঁজ থাকার পর ফুলপুর বালিয়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের আছির উদ্দিন (৮৫) এর লাশ গোয়াতলার ইজারাপাড়া এলাকায় পাওয়া গেছে।বুধবার রাত ৯ টার দিকে ওযু করতে কংশ নদের তীব্র স্রোতে ভেসে গিয়েছিলেন তিনি। নিখোঁজের পর থেকে স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন স্থানীয় লোকজন। পরে বৃহস্পতিবার সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে সন্ধ্যায় তা পরিত্যক্ত ঘোষণা করে। পরে স্থানীয় লোকজন আবার নৌকা নিয়ে কংস নদে টহল পরিচালনা করে শুক্রবার সকাল ৭ টায় আছির উদ্দিনের লাশ খুঁজে পায় স্বজনরা। নৌকাযোগে লাশ বড়ইকান্দিতে আনা হয়। পরে আইনগত ব্যবস্থার পর জানাযা শেষে দাফন করা হয়। দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন বলেন, পৃথক দুটি পরিবারি আইনগত ব্যবস্থার মাধ্যমে লাশ নিয়ে যায়।
Leave a Reply