জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শেরপুরের নকলা উপজেলার আলোচিত গুম হওয়া পরিবারের সদস্য নুসরাত জাহান লাবনী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নিখোঁজ মাজহারুল ইসলাম রাসেলের ছোট বোন।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। শেরপুর ও জামালপুর জেলার জনগণের প্রতিনিধিত্ব করার লক্ষ্যেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শেরপুর ও জামালপুর জেলার বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রিজভী তার সাহসিকতা ও মানবাধিকার ইস্যুতে দৃঢ় অবস্থানের প্রশংসা করেন এবং গুম হওয়া পরিবারগুলোর ন্যায়বিচারের দাবির প্রতি সমর্থন জানান।
জানা গেছে, নুসরাত জাহান লাবনী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কর্মজীবনে একটি বেসরকারি ব্যাংকে যুক্ত থাকলেও তিনি দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়। ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্য হিসেবে তিনি গুম হওয়া পরিবারের ন্যায়বিচারের দাবিতে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন।
লাবনী বলেন, “গুম হওয়া প্রতিটি পরিবারের কষ্ট আমি নিজের পরিবারের মতোই অনুভব করি। আমার রাজনীতিতে আসার উদ্দেশ্য ক্ষমতা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।” তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এবং মানবিক রাষ্ট্র গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমি অতীতেও রাজপথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো।” এজন্য তিনি শেরপুর ও জামালপুর জেলার জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।