
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা গারো পাহাড়ের পাদদেশে বসবাসরত খলচান্দা কোচপল্লীর অসহায় কোচ আদিবাসীদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে
উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচপল্লীতে গিয়ে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অনটন ও জীবনযাত্রার নানা সমস্যার খোঁজখবর নেন।
এদিন জেলা প্রশাসক গ্রামের ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও ৫০টি কম্বল বিতরণ করেন। পাশাপাশি একটি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দুটি ফুটবল প্রদান করেন।
এ ছাড়া স্থানীয় যুবকদের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণ প্রদানের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম, ইউপি সদস্য মো. হযরত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply