1. online@dbnews.live : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@dbnews.live : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা

সোহেল খান দুর্জশ, নেত্রকোনাঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

নেত্রকোনার আটপাড়া উপজেলার উত্তর মনসুরপুর গ্রামের অসহায় মারফত আলীর পরিবারের দুর্দশা নিয়ে দৈনিক ডেসটিনি ও দৈনিক জনবানী ডিজিটালে সংবাদ প্রচারের পর পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর। তিনি নিজে ওই পরিবারের বাড়িতে গিয়ে মারফত আলীর চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পরিবারের সদস্যদের জন্য পোশাক দিয়ে সহযোগিতা করেছেন।

বুধবার (১১ নভেম্বর) মানবিক সহায়তা নিয়ে মারফত আলীর বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ৯০ বছর বয়সী মারফত আলী আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের উত্তর মনসুরপুর গ্রামের বাসিন্দা। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও দীর্ঘদিন ইট ভাঙা ও মানুষের বাড়িতে কাজ করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতেন তিনি। কিন্তু কয়েক দিন আগে বাড়ির কলপাড়ে পড়ে গিয়ে তাঁর পা ভেঙে যায়। এরপর থেকে বিছানায় পড়ে রয়েছেন তিনি। বন্ধ হয়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনের পথ। মারফত আলীর স্ত্রী জায়েদা আক্তার (৬০) বাক্‌প্রতিবন্ধী। তাঁদের দুই মেয়ের মধ্যে শারমিনের বিয়ে হয়েছে। অন্য মেয়ে নাজমা আক্তার মানসিক ভারসাম্যহীন। ফলে পরিবারটির চার সদস্যই নানা ধরনের প্রতিবন্ধকতা ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন।

নিজস্ব কোনো জায়গা-জমি কিংবা বসতঘর নেই পরিবারটির। প্রায় ১০ বছর ধরে অন্যের আশ্রয়ে বসবাস করছেন তাঁরা। সরকারি প্রতিবন্ধী ভাতা ও এলাকাবাসীর সহযোগিতায় কোনো রকমে চলছিল সংসার। কিন্তু মারফত আলীর পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা ও খাবারের জোগাড় দুটিই কঠিন হয়ে পড়ে। পরিবারটির এমন দুর্দশার চিত্র তুলে ধরে জনবানী ডিজিটালে প্রতিবেদন প্রচার করা হয়। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীরের নজরে এলে তিনি দ্রুত তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন। বুধবার সরেজমিনে গিয়ে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও পোশাক দিয়ে সহযোগিতা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন,দৈনিক ডেসটিনি ও ‘জনবানী ডিজিটালে প্রচারিত সংবাদটি আমার নজরে আসার পরই পরিবারটির খোঁজখবর নেওয়ার উদ্যোগ নিই। তাঁদের অসহায়ত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মারফত আলীর চিকিৎসার জন্য নগদ অর্থ, পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও পোশাক দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবারটির অন্যান্য প্রয়োজনের বিষয়েও খোঁজখবর নেওয়া হবে।’ স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটির এমন দুর্দশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে শুধু তাৎক্ষণিক সহযোগিতাই নয়, পরিবারটির দীর্ঘমেয়াদি চিকিৎসা, খাদ্যনিরাপত্তা ও নিরাপদ আবাসনের ব্যবস্থাও জরুরি। ৯০ বছর বয়সেও যে মানুষটি পরিবারের মুখে খাবার তুলে দিতে লড়াই করেছেন, আজ তাঁরই দিন কাটছে অন্যের সহযোগিতায়। জনবানী ডিজিটালে সংবাদ প্রচারের পর প্রশাসনের এই মানবিক উদ্যোগ পরিবারটির মাঝে নতুন করে আশার আলো দেখিয়েছে। এখন তাঁদের প্রত্যাশা, এই সহায়তার ধারাবাহিকতায় নিশ্চিত হবে চিকিৎসা, খাবার ও একটি নিরাপদ আশ্রয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় অতিরিক্ত শামুক আহরণে সংকটে পড়েছে ডিঙ্গাপোতা হাওরের মৎস্য সম্পদ ও পরিবেশ। বর্ষা মৌসুম জুড়েই নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে চলছে অবাধে শামুক শিকার। জীবিকার তাগিদে স্থানীয় বাসিন্দাদের একটি বড় অংশ রাত জেগে আধুনিক যন্ত্রপাতি ও জাল ব্যবহার করে হাওরের তলদেশ থেকে বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করছেন। সূর্য ওঠার আগেই সেই শামুক হাওরের কূলে এনে স্তূপ করা হয় এবং পরবর্তীতে সেখান থেকে বস্তাবন্দি করে বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন হাঁসের খামারে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় বাজারে চাহিদা বৃদ্ধি পাওয়ায় শামুক কুড়ানো এখন ওই অঞ্চলের অনেক মানুষের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। খামারিরা দানাদার খাবারের খরচ কমাতে তুলনামূলক কম দামে প্রাকৃতিক পুষ্টি উপাদান হিসেবে হাঁসকে শামুক খাওয়াচ্ছেন। ফলে দিন দিন হাওরের বাজারে এর চাহিদা জ্যামিতিক হারে বাড়ছে। প্রতিদিন ভোরে মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের অস্থায়ী বাজারে বসে শামুকের জমজমাট বিকিকিনি। পাইকাররা এখান থেকে পাইকারি দরে শামুক কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের হাঁসের খামারে। তবে বাণিজ্যিকভাবে এভাবে প্রতিনিয়ত হাজার হাজার মণ শামুক তুলে নেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ রক্ষায় নিয়োজিত কর্মীরা। তাদের মতে, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে শামুক নিধন চলতে থাকলে হাওরের স্বাভাবিক জীববৈচিত্র্য চরম বিপর্যয়ের মুখে পড়বে। শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির নেত্রকোণা জেলা সভাপতি নাজমুল কবির সরকার এ বিষয়ে জানান, শামুক হাওরের প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে প্রাকৃতিক ছাঁকনি হিসেবে কাজ করে। এভাবে প্রতিনিয়ত আহরণ অব্যাহত থাকলে খুব দ্রুতই এই এলাকা থেকে শামুক বিলুপ্ত হয়ে যাবে, যা পুরো হাওর অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন তিনি। এ বিষয়ে পরিবেশ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানান, শামুক কেবল হাঁসের খাদ্য নয়, এটি জলাভূমির পুরো খাদ্যশৃঙ্খলের (Food Chain) অন্যতম মূল ভিত্তি। দেশীয় নানা প্রজাতির মাছ, পানকৌড়ি, বকসহ বিভিন্ন জলচর পাখির অন্যতম প্রধান খাবার এই শামুক। তাছাড়া পানির গুণগত মান ভালো রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।অনিয়ন্ত্রিতভাবে শামুক ধ্বংস করা হলে জলাশয়ের অন্যান্য প্রাণিকুলও খাদ্যসংকটে পড়বে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন বলেন, জলজ প্রতিবেশের যেকোনো একটি নির্দিষ্ট উপাদান অতিরিক্ত পরিমাণে আহরণ করা হলে তা পুরো পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ডিঙ্গাপোতা হাওরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দ্রুতই একটি টিম সরেজমিনে পরিদর্শনে যাবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সচেতন মহলের দাবি, জলবায়ু ও পরিবেশের ক্ষতি না করে কীভাবে বিকল্প আয়ের পথ তৈরি করা যায়, সেদিকে নজর দেওয়া জরুরি। সাধারণ মানুষের জীবিকার তাগিদকে গুরুত্ব দিয়ে অবিলম্বে হাওরে শামুক আহরণে একটি সুনির্দিষ্ট নীতিমালা ও সরকারের কঠোর নজরদারি কার্যকর করার জোর দাবি তুলেছেন তারা। ৩১/১০/২০২৬ ইং
All rights reserved © 2019
Design By Raytahost