1. admin@doeltv.com : admin :
ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মামলা - OnlineTV
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মামলা

জুবায়ের খন্দকার, ষ্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পঠিত
শেয়ার করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় মোট দুটি মামলা দায়ের হলো।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে এমবিবিএস ৬১তম ব্যাচের শিক্ষার্থী মীর হামিদুর রহমান ও মো. আমানুল্লাহ মুয়াজের মধ্যে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। অভিযোগ, আমানুল্লাহ মুয়াজ মীর হামিদুর রহমানের মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করেন।

পরে সাধারণ শিক্ষার্থীরা মুয়াজকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে ঘটনাটি আরও জটিল রূপ নেয় যখন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় নাফিউল ইসলাম নামে আরেক শিক্ষার্থী হাতুড়ি দিয়ে মুয়াজের মাথায় আঘাত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নাফিউলকেও আটক করে।

আহত দুই শিক্ষার্থীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মুয়াজের অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে ১৮ এপ্রিল মুয়াজের বড় ভাই আহমদ শফি ১২ জনের নাম উল্লেখ করে প্রথম মামলা দায়ের করেন। এবার মীর হামিদুর রহমানের চাচা মীর মিজানুর রহমান বাদী হয়ে পাল্টা মামলা করেন।

নতুন মামলায় ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে আসামি করায় ক্যাম্পাসে সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে রূপ নিয়েছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে। আগের মামলায় একজন আটক রয়েছে। নতুন মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ক্যাম্পাস ও ছাত্রাবাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2022