বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেই পরীক্ষামূলকভাবে রাজধানী ঢাকাতে ১১০ মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তিনি এ কথা বলেন।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, গতকাল বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৬ হাজার মেগাওয়াট ছিল। এর বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ২ হাজার ৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে সরকার বাধ্য হতে হয়েছে। ফসলের ক্ষেত্রে সেচের জন্য পর্যাপ্ত ডিজেল এবং বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছিলেন, সেটি নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছি। এরপরেও পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে।