পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এসেছে এপ্রিল মাস। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আমেজে এবার টানা ছয় দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে পাহাড়। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন।
কিন্তু কেন এই ছুটি?
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল (সোমবার) তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
এর পরদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে সরকারি ছুটি। মূলত এই দুই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও কৌশলী পরিকল্পনা মিলিয়েই তৈরি হয়েছে দীর্ঘ এই ছুটির সুযোগ।
মূলত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। দিনটি মঙ্গলবার পড়েছে। এই অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই পাহাড়ে মিলবে টানা ৬ দিনের ছুটি। কারণ, এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকছে।
এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিনের সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর গত ২৪ মার্চ থেকে অফিস-আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে। তবে এরমধ্যেই আবারও ৩ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) একদিনের সরকারি ছুটি ছিল। পরের দু’দিন শুক্র ও শনিবারও ছিল সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে সদ্য টানা ৩ দিনের লম্বা ছুটি উপভোগের পর আবারও বড় ধরনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।