শেরপুরের নকলায় পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নকলা দারুল উলুম মাদরাসায় পবিত্র কুরআনের ইফতেতাহি ও হিফজ ছবক অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ তারা আলম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কুরআন শিক্ষার শুভ সূচনা উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।
এতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। তারা শিশুদের কুরআনের আলোয় নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, এই শিক্ষাই হবে তাদের নৈতিকতা, আদর্শ ও সফল জীবনের মূল ভিত্তি। সবশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।