।বাগেরহাট নগরীর আমলাপাড়া এলাকায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঝোড়ো বৃষ্টির সুযোগ নিয়ে বাড়ির বিদ্যুতের সার্ভিস তার চুরি করে নিয়ে গেছে চোরেরা।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অত্যন্ত চতুরতার সঙ্গে ক্যামেরার নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালায়। চুরি হওয়া এই তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং দ্রুত পুলিশকে খবর দেয়া হয়। খোদ আইজিপির বাড়িতে এমন চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। চোর শনাক্ত করতে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
এরই অংশ হিসেবে পুলিশ বাগেরহাট শহরের একজন ভাঙ্গারি দোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ধারণা করা হচ্ছে, চোরাই তার কোনও ভাঙ্গারি দোকানে বিক্রি করা হতে পারে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।