পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরের নকলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টার।
এ উপলক্ষে সোমবার (০৯ মার্চ) দিনব্যাপী গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত হেলথকেয়ার সেন্টার প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়।
আয়োজিত এ কর্মসূচিতে ১১৫ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়, যা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।
একই সঙ্গে ফ্রি মেডিকেল ক্যাম্পে দন্ত ও ডায়াবেটিস রোগের চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি উপস্থিত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাইয়্যেদ খালিদ মহসিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
কর্মসূচি বাস্তবায়নে প্রকল্প সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার শরিফুল ইসলাম।
আয়োজকরা জানান, মনোরম ও সুন্দর পরিবেশে হেলথকেয়ার সেন্টারটিতে প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত বিনা ভিজিটে চিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে, যা এলাকার সাধারণ মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা রাখছে। এছাড়াও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।