বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রথমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা মুক্তমঞ্চ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
নকলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মোবারক হোসেন মিন্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাকির হোসেন জুয়েল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. শেখ ফরিদ।
বক্তারা স্বেচ্ছাসেবক দলের গৌরব, ঐতিহ্য ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শক্তিশালী ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান।