জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার ব্যবহৃত ২০'টি অ্যাপ সম্বলিত মোবাইলসহ ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও এসময় একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল নোয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মোঃ সোহাগ (৩০) ও কালাই উপজেলার পুনটের পূর্ব নয়াপাড়া গ্রামের মৃত আহসান হাবিব মন্টুর ছেলে।
ইশতিয়াক শাহরিয়ার রনি (৪২)। গতকাল বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউপির কোকতারার পাকড়তলী পাকা রাস্তা এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়ে তাদের গ্রেফতার করে।
অভিযানের নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স ছাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল ও পারভেজ হোসেন উল্লাহ।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অনলাইন জুয়ার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রের সাথে জড়িত আরও একজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।