বাংলাদেশে ফেরার প্রশ্নে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে। কোনো কোনো দল তার বিরুদ্ধে বিচারের কথা বলছে, কোনো দল আবার ষড়যন্ত্র দেখছে।
বিশেষ করে দেশটির বর্তমান রাজনীতিতে প্রভাবশালী তিনটি দলের নেতাদের সঙ্গে কথা বললে তারা যে প্রতিক্রিয়া জানান, তাতে তারা মূলত শেখ হাসিনার বিরুদ্ধে বিচার বা আইন-আদালতের কথা বলেছেন। একইসঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার পাল্টাপাল্টি অভিযোগ এবং ষড়যন্ত্রের কথাও এসেছে।
শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে প্রতিক্রিয়ায় জুলাই গণ-অভ্যত্থানে হত্যাকাণ্ডের বিচার চলার বিষয়কে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ নেতা।
আর জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা শেখ হাসিনার বক্তব্যের পেছনে অন্তর্নিহিত কোনো রহস্য বা ষড়যন্ত্র দেখছেন। এমনকি তাদের কেউ কেউ অভিযোগ করছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারও কারও ষড়যন্ত্র থাকতে পারে।
জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের একাংশের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারা কড়া ভাষায় প্রত্রিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনার বক্তব্যের ব্যাপারে। দলটির নেতারা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার কথা বলেছেন।
প্রসঙ্গতঃ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে দাবি করেছেন। তারা আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
তবে চব্বিশের গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে আলোচনা এর আগেও সামনে এসেছে।
এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার একটা সুনির্দিষ্ট সময়ের কথা বলেছেন। ফলে তা নিয়ে প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিতে।