বাংলাদেশে রেল কোচ রপ্তানি আবার শুরু করতে যাচ্ছে ভারত। আগামী জুলাই মাসে প্রায় ২০টি রেল কোচের একটি রেক রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (২৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে এটি হবে ভারতের প্রথম রেল কোচ রপ্তানি।
এর আগে বাংলাদেশকে ১২০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রড-গেজ লোকোমোটিভ এবং ১০টি মিটার-গেজ লোকোমোটিভ সরবরাহ করেছে নয়াদিল্লি। প্রতিবেদনে বলা হয়, ভারতীয় রেলওয়ের রপ্তানি সংস্থা (আরআইটিইএস) বর্তমানে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০টি ব্রড-গেজ যাত্রীবাহী কোচ সরবরাহের একটি চুক্তি বাস্তবায়ন করছে।
ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে ৯১৫ কোটি রুপির এই প্রকল্পটি ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্রদান করা হয়। ওই প্রকল্পের আওতায় ঢাকাকে নতুন চালান সরবরাহ করবে নয়াদিল্লি। প্রকল্প সংশ্লিষ্ট ভারতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নতুন চুক্তির আওতায় প্রথম রেকটি জুলাই মাসে প্রস্তুত হবে। কোচগুলো হস্তান্তরের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।’
এগুলো ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে নির্মাণ করা হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। চুক্তি অনুযায়ী, শুধু কোচ সরবরাহই নয়, আরআইটিইএস নকশা সহায়তা, যন্ত্রাংশ সরবরাহ এবং প্রশিক্ষণও দেবে। পুরো প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং সময়সীমা রয়েছে, এরপর ২৪ মাসের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে প্রকল্পে কিছু বিলম্ব হয়েছে, তবে এখন তা আবার স্বাভাবিক পথে ফিরে এসেছে। আরআইটিইএস’র ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিথাল এক বিশ্লেষক বৈঠকে বলেন, ‘নতুন অর্থবছরে বাংলাদেশে রেল কোচের সরবরাহ শুরু হলে আমাদের রাজস্ব আরও বাড়বে।’