জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের পানিতে পড়ে কাওসার (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ জুন বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের রামনগর (লাল ব্রিজ সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মোঃ আনিছুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত শিশু কাওসার বাড়ীর পার্শ্বে আলম নামের জনৈক এক ব্যক্তির পুকুর পাড়ে খেলাধুলা করার কোন এক সময় পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে বাড়ীতে ছেলেকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি করতে থাকে। এসময় গ্রামের লোকজন কাওসারকে পুকুর পাড়ে খেলতে দেখেছে জানালে সে পুকুরে গিয়ে ছেলেকে ভাসতে দেখে চিৎকার দিতে থাকে। পরে গ্রামের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শিশুটির মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।