
সাভারের আশুলিয়ার একটি মাদ্রাসার নির্মাণাধীন টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তলসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি জানিয়েছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত ‘তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসার’ নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদ্রাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালান। একপর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে অস্ত্রটির উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সেটির গায়ে ইংরেজিতে ‘মেইড ইন পাকিস্তান’ খোদাই করা লেখা দেখা গেছে।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply