জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার দমদমা মহল্লার বিধবা জাহানারা প্রায় ১৫ বছর ধরে পৌর পার্কে দৈনিক হাজিরায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে আসছেন। সমান কাজ করেও পুরুষ শ্রমিকদের চেয়ে তিন ভাগের এক ভাগ মজুরি পায় তিনি। নারী-পুরুষ শ্রমিকের এমন বৈষম্যে ক্ষোভ প্রকাশ করেন এ বিধবা শ্রমিক।
জাহানারা প্রতি মাসে মাসে ৪ হাজার টাকা মজুরি পায়, অর্থাৎ দৈনিক ১'শ ৩৩ টাকা পান। পক্ষান্তরে পৌরসভার ১০-১৫ জন পুরুষ শ্রমিক দৈনিক ৪০০ টাকা পাচ্ছেন।
পার্কে প্রায় সরকারি-বেসরকারি অনুষ্ঠান হয়। এছাড়া প্রতিদিন ঘুরতে আসা শত শত মানুষ পানির বোতল, খাবারের প্যাকেট, পলিথিনসহ ময়লা ফেলে চলে যায়। তার উপর পার্কে ছোট বড় ৪০-৫০'টি গাছের ডাল পাতায় ভরে যায় গোটা পার্ক। এত সব ময়লা আমি একাই পরিষ্কার করে আসছি।
জাহানারা আক্ষেপ করে বলেন, ছেলেদের মতোই আমিও সমান কাজ করি, রোদ-বৃষ্টিতে পার্ক ঝাড়ু দিই, ময়লা তুলি। কিন্তু মজুরি পাই তাদের চেয়ে অনেক কম। বহুবার পৌরসভার অনেককেই বলেছি, আমার মজুরি বাড়ে না।
তিনি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন, আমি বিধবা মানুষ, কাজ ছাড়া উপায় নেই। নারী-পুরুষ শ্রমিকের মধ্যে এতবেশি বৈষম্য না করতে অনুরোধ করেন তিনি।
পাঁচবিবি পৌর পার্ক স্থানীয়দের বিনোদনের অন্যতম কেন্দ্র। দীর্ঘদিন ধরে এ পার্কের পরিচ্ছন্নতা রক্ষায় জাহানারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নারী শ্রমিক হলেও মজুরি বৈষম্যের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বিধবা জাহানারা ও স্থানীয়রা।