রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের অ্যাডমিন শিশির মুন্না (২৮)-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি ওয়ারী বিভাগ ও যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল।
ডিবি সূত্রে জানা যায়, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজ পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি প্রভাবশালী ওই রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও নির্বাচনি প্রচারণায় যুক্ত ছিলেন।
অভিযোগের বিষয়ে ডিবি-ওয়ারী বিভাগের কর্মকর্তারা জানান, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা হাতিয়ে নেন শিশির মুন্না ও তার সহযোগীরা। টাকা নেওয়ার পর ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট ধরিয়ে দেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী টাকা ফেরত চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শিশির মুন্না কাতার পালিয়ে যান। দীর্ঘ সময় সেখানে অবস্থান করার পর গত বছরের এপ্রিল মাসে দেশে ফিরে তিনি পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। এর আগেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ব্যবসায়িক বিনিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ডিবি কর্মকর্তারা আরও জানান, প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষকে নিঃস্ব করে আসছিলেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রতারক চক্রের আরও তথ্য বেরিয়ে আসবে।