
স্টাফ রিপোর্টার:
শেরপুরের নকলায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) রাতে পৌর শহরের নকলা বাজার এলাকার নিজ বাসভবনে হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মুজিবুল আজাদ ডেবিট দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে আসেন। তবে এর মধ্যেই হঠাৎ আইনশৃঙ্খলা বাহিনী তার বাসায় অভিযান চালিয়ে সোমবার তাকে আটক করে নিয়ে যায়। মুজিবুল আজাদ ডেবিটের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না সে বিষয়ে পরিবারের কাছে কোনো তথ্য নেই। হঠাৎ আটকের ঘটনায় তারা বিস্মিত ও উদ্বিগ্ন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল আজাদ ডেবিটকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।