নীলফামারীর সৈয়দপুর থানায় একটি পারিবারিক সালিশি বৈঠকে যোগ দিতে এসে গ্রেপ্তার হয়েছেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারা পারভীন।
মঙ্গলবার (১২ মে) রাতে থানার ভেতরে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ করতে থানায় এসেছিলেন কাজী জাহানারা পারভীন। বৈঠকে নীলফামারী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপাসহ আরও কয়েকজনের সঙ্গে তার উতপ্ত বাক্যবিনিময় ও বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তাকে আটক করে।
আটকের পর রাতেই তাকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, জাহানারা পারভীনকে সদরের রামগঞ্জের আলোচিত সিদ্দিক হত্যা মামলায় আটক দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, থানার গোল চত্বরে সালিশি বৈঠকে কথা কাটাকাটির সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাকে গ্রেপ্তার করা হয়। যেহেতু তার নামে সদর থানায় মামলা রয়েছে, তাই তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।