চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নামে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জ্বরে আক্রান্ত ৫ বছরের এক শিশুকে ভুলবশত কুকুরের কামড়ের প্রতিষেধক (জলাতঙ্ক ভ্যাকসিন) পুশ করার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কচুয়া উপজেলার আশ্রাফপুর গ্রামের এমরান হোসেন তার ৫ বছরের শিশুকন্যা আলিফাকে তীব্র জ্বর নিয়ে জরুরি বিভাগে আসেন। একই সময়ে শাহরাস্তির আহম্মদ নগর গ্রামের রুবেল তার ১৪ বছরের ছেলে নাজমুলকে কুকুরের কামড়ের চিকিৎসা দিতে হাসপাতালে আনেন।
উভয় রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম উভয়কে পৃথক পৃথক চিকিৎসাপত্র দেন। জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) আবু ইউসুফ কর্তব্যরত চিকিৎসকের ব্যবস্থাপত্র না দেখেই জ্বরের রোগী আলিফাকে কুকুরের ভ্যাকসিন পুশ করেন।
ভুল ইনজেকশন দেওয়ার বিষয়টি জানাজানি হলে আলিফার অভিভাবকদের সঙ্গে হাসপাতাল কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়।
এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবু ইউসুফ জানান, একই সময়ে ওই দুই রোগী সেবা নিতে আসেন। ভুলবশত জ্বরে আক্রান্ত রোগীকে কুকুরের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এতে রোগীর কোনও সমস্যা নেই। আমি অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি। এ ভ্যাকসিনটি ভুলক্রমে দেওয়া হলেও রোগীর কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। তারপরও দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দায়িত্বে অবহেলা করেছে মর্মে তাকে বিধি-মোতাবেক শোকজ করা হবে।
প্রসঙ্গতঃ এই ঘটনায় প্রতিকার ও বিচার চেয়ে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।