‘অতিরিক্ত কঠোর নিয়ম করা ও অপ্রয়োজনীয় আইন’ প্রত্যাহার দাবিসহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এসএসসি’র শিক্ষার্থীরা।
বুধবার ৮ এপ্রিল দুপুরে এসএসসি ২০২৬ ও ২৭ ব্যাচের ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের একপাশে দাঁড়িয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলন, সিলেবাস-কারিকুলাম পরিবর্তনসহ নানা কারণে তারা পড়াশোনা করতে না পারার পাশাপাশি সম্প্রতি পরীক্ষা এগিয়ে দিয়ে শিক্ষার্থীদের ওপর চাপ চাপিয়ে দেয়া হচ্ছে। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসাতে এবং পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করার বিষয় পরিবর্তন করতে হবে। দাবি মানা না হলে একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলেও দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী মাহমুদুল হাসান, ময়না, জুনায়েদ আল হাবিব, ইতি আক্তার প্রমুখ।
এর আগে, পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে নিজেদের দাবির কথা তুলে ধরেন আন্দোলনকারীরা।