শেরপুরের নকলা উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ মার্চ) সকালে পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ ছালামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার এবং জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম।
এসময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্য দেবজীৎ পোদ্দার, সাবেক কমিশনার হাবুল উদ্দিন এবং নকলা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মু. হাছিবুল হাসানসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শুধু শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতই করবে না, বরং তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা এ কর্মসূচির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।