সরকারি প্রটোকল উপেক্ষা করে সরাসরি কবরস্থানে নেমে এক ব্যক্তির মরদেহ দাফনে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। শুক্রবার (২৭ মার্চ) নান্দাইল উপজেলায় দাফন কাজ চলতে দেখে গাড়ি থামিয়ে কবরে নেমে দাফন কাজে অংশ নেন তিনি।
প্রতিমন্ত্রীর এই সৎকারের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন শেষে দলীয় নেতাকর্মী ও সরকারি প্রটোকলসহ উপজেলা সদরে ফিরছিলেন প্রতিমন্ত্রী। ফেরার পথে হঠাৎ তার নজরে আসে সড়কের পাশেই একটি কবরস্থানে এক ব্যক্তির মরদেহ দাফন করা হচ্ছে। বিষয়টি দেখে তিনি তার গাড়ি বহর থামিয়ে দাফনে অংশ নেন। সচিব মো. এনামুল কাদির বলেন, সরকারি প্রটোকল উপেক্ষা করে একজন মন্ত্রীকে এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দাফন কাজে সরাসরি অংশ নিতে দেখে আমরা অভিভূত হয়েছি। এটি বর্তমান সময়ে এক বিরল দৃশ্য।