দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ মার্চ) রাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিএনপির নয়াপল্টন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের এ আহ্বান জানান তিনি।
এদিন প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীর নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এতে নেতাকর্মীদের ভিড়ে কার্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ কানায় কানায় পূর্ণ হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে সন্ধ্যার পর প্রধানমন্ত্রী নয়াপল্টন কার্যালয়ে পৌঁছালে ভিড় আরও বাড়তে থাকে। একপর্যায়ে রাত ৯টার দিকে কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দা থেকে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধান বলেন, মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে, কাজেই নয়াপল্টনসহ সারাদেশে আমাদের যেসব নেতাকর্মী আছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের আইনশৃঙ্খলার ভেতরে থাকতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের অসুবিধা হয়, কষ্ট হয় এমন জিনিস করা যাবে না।
দলটির চেয়ারম্যান বলেন, দেশে অনেক সমস্যা আছে, মানুষকে বুঝাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের ধৈর্য ধারণে সহযোগিতা করতে হবে। অনেক কাজ আছে আমাদের, এজন্য প্রথম কাজ হলো রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলার সৃষ্টি করা যাবে না, যাতে আমি অফিসে আসতে পারি। আপনাদের সহযোগিতা থাকলে আমি অফিসে আসতে পারব। আমরা নিশ্চয়ই দেশের মানুষের সমস্যার কারণ হতে চাই না। প্রতিটি নেতাকর্মীকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।
এর আগে বিকালে জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী। বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত ওই বৈঠকে সরকারের চলমান কার্যক্রম ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।