কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে পদ্মার পানির অন্তত ৩০ ফুট গভীরে গিয়ে সন্ধান পেয়েছেন বাসটির।
বাসটি পন্টুনের নিচে চলে গেছে। যে কারণে বাসের জানালা ও দরজা ভাঙা যাচ্ছে না বলে জানিয়েছেন ডুবুরি দলের সদস্যরা। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডুবুরি দলের সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানায়, গোয়ালন্দ ফায়ার স্টেশনের ১টি ইউনিট এবং আরিচা ফায়ার স্টেশনের ১টি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরও ২টি ডুবুরি ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।
স্থানীয় ও বেঁচে যাওয়া বাসযাত্রীদের ভাষ্যমতে, ওই বাস থেকে ৫ থেকে ৭ জন যাত্রী শুরুতেই বের হতে পেরেছে।
ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী যান হামজার সহযোগিতায় বাসটি তোলার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকারী জাহাজ অনেক দেরিতে এসেছে পৌঁছেছে। তাছাড়া ফায়ার সার্ভিস ডুবুরি দলও এক ঘণ্টার বেশি সময় পর উদ্ধার কাজ শুরু করেছেন।
সৌহার্দ্য বাসে থাকা আবদুল আজিজুল নামে এক যাত্রী জানান, তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা এলাকা থেকে এই বাসটিতে উঠেছিলেন। নদীতে পড়ে যাওয়ার পর তিনি সাঁতরে উপরে উঠতে পারলেও তার স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ রয়েছেন।
বাসটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছিল। খুবই অল্প সংখ্যক যাত্রী সাঁতরে উপরে উঠতে পেরেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।