পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় তিন শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে ব্যাগভর্তি ঈদের বাজার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এতে করে ঈদের আগে স্বস্তি ফিরে পেয়েছে দরিদ্র পরিবারগুলোর।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে আগত উপকারভোগীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম সারোয়ার, চরঅষ্টধর ইউনিয়ন সেক্রেটারি সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
চরঅষ্টধর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সবুজের পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত এ মানবিক উদ্যোগে বিতরণকৃত ঈদ উপহারের প্রতিটি ব্যাগে ছিল পোলাও চাল, সেমাই, চিনি, তেল, পেঁয়াজ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। পাশাপাশি উপকারভোগীদের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরঅষ্টধর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে এবং সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে।