পরিকল্পিত ও সুশৃঙ্খল জাকাত ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সমাজের বিত্তবানদের জাকাত যথাযথভাবে দরিদ্র মানুষের কাছে পৌঁছালে তা সামাজিক বৈষম্য কমাতে সহায়তা করবে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা-মাশায়েখদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। ইফতার মাহফিলে দেশের বিভিন্ন মাদরাসার এতিম শিশু ও আলেম-ওলামারা অংশ নেন। তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেনঃ-
ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সমাজকল্যাণবিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমেদুল্লাহ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।
এ ছাড়া প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব ছালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।