লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিকশাচালকের মারধরে বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি এবং ব্যবসায়ী ছিলেন। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বায়োতির শাহ আলমের ছেলে অটোরিকশা চালক আরমান (৩৫) এই ঘটনার প্রধান অভিযুক্ত।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সড়কে অটোরিকশা দাঁড় করানোর বিষয়ে আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করতে গেলে বেলাল হোসেনের সঙ্গে তারও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আরমান বেলালের বুকে এলোপাতাড়ি ঘুষি মারে। এতে বেলাল গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত বেলালকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আরমান পালিয়ে গেছে।
নিহতের স্বজন ও এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহিদ ওসমান চত্বরে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, অভিযুক্ত আরমানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।